তাছলিমা তমাঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন পথ ও শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের বিমানবন্দর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মিরপুরের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। অপর সাতজনকে তাদের অভিভাবকদের ডেকে এনে জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকায় অবস্থানরত পথশিশুদের নিরাপত্তা ও তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করা হয়।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, শিশুদের শুধু আটক করাই উদ্দেশ্য ছিল না; তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করাও গুরুত্ব পেয়েছে। অভিযানের পর শিশুদের দুপুরের খাবার খাওয়ানো হয় এবং প্রত্যেককে একটি করে গেঞ্জি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে চলাফেরার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদারে লা মেরিডিয়ান এলাকা থেকে বিমানবন্দরের ৯ নম্বর গেট হয়ে জসিমউদ্দিন এবং বিমানবন্দর গোলচত্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হবে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা করবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি শিশুদের সুরক্ষা ও কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।