নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে হঠাৎ ভূমকম্পন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার নিচে।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত-এর কিছু এলাকাতেও এর প্রভাব পড়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আকস্মিক কম্পনে অনেকেই বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে দ্রুত বাইরে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কোনো ঝুঁকি বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।