ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। গ্রেফতার হওয়া ব্যক্তি মো. মাসুদ (৪০), তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে মেয়ের পরিবার তাকে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। এরপর গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে ভুক্তভোগী নিজ বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৬, তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬।
মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪ এর ময়মনসিংহ সিপিএসসি ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাওকান্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ধর্ষণ মামলার অভিযুক্ত মো. মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।