মনিরা মনি,বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার গল্লামারী বাজার সংলগ্ন চালনা-খুলনা সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তন্নির দিকনির্দেশনায় ১নং জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় এর নেতৃত্বে শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হয় ময়লা অপসারণ কার্যক্রম।
স্থানীয়রা জানান, গল্লামারী বাজার এলাকার রাস্তার পাশে বছরের পর বছর ধরে ময়লার স্তুপ জমে ছিল। যদিও সড়কের পাশে বর্জ্য ফেলার পাত্র স্থাপন করা ছিল, তবুও এলোমেলোভাবে ফেলা ময়লা থেকে দুর্গন্ধ ছড়াতো এবং পথচারী ও ব্যবসায়ীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। এতে পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এরপর চেয়ারম্যান পার্থ রায়ের নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মকর্তারা, ইউনিয়ন কম্পিউটার অপারেটর হাসিব নজরুল ইসলাম বাবু, চৌকিদার আনোয়ার, রিপনসহ অন্যান্য কর্মীরা ময়লা অপসারণে অংশ নেন।
এ সময় স্থানটিতে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হয়।
খন্দকার ফারুক হোসেন বলেন,
> “সিটি করপোরেশন যদি সময়মতো ময়লা সরায়, তাহলে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। আমরা চাই গল্লামারী সেতুর পাশে নির্দিষ্ট স্থানে একটি বর্জ্য ফেলার জায়গা নির্ধারণ করা হোক এবং রাস্তার পাশ দিয়ে একটি ড্রেন তৈরি করে খালের সঙ্গে সংযুক্ত করা হোক—এতে পরিবেশ দূষণ আরও কমবে।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন সমন্বিত উদ্যোগ এলাকাবাসীর জন্য এক স্বস্তির খবর।
🟢 দুর্নীতির রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ