উজ্জল হোসেন শান্তঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সূত্রে জানা গেছে,মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন এবং সাবেক সহ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬ মে জারি করা এক পত্রে বলা হয়, সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগগুলোর যথাযথ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দলীয় সূত্র বলছে,অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত শেষ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।