নঈমুল আলমঃ খুলনা মহানগরীর ২ নম্বর ওয়ার্ডে পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের ডিলার পয়েন্টে সোমবার (১৭ নভেম্বর ) ১২টা ৩৫ মিনিটের সময় সরেজমিন পরিদর্শন করেন খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক (ডিসিফুড) মোঃ তানভীর হোসেন।
পরিদর্শনকালে অন্যান্য ডিলার পয়েন্টগুলোর মধ্যে এই পয়েন্টে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ২ নং ওয়ার্ডের ডিলার পয়েন্টের মানুষের উপস্থিতি প্রমাণ করে—এই কর্মসূচি জনবান্ধব এবং প্রয়োজনীয়।
পরিদর্শন করা ডিলার পয়েন্ট: মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ আরমান শিকদার (সেন্টু)
প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীরা জানান, বাজারে চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে ওএমএস ডিলারদের কাছ থেকে এসব পণ্য কিনে তারা কিছুটা স্বস্তিতে দিন পার করছেন। তবে মাঝে মাঝে আটার মান কিছুটা কম থাকছে বলেও অভিযোগ করেন তারা।
ওয়ার্ডে বরাদ্দকৃত পণ্যের পরিমাণ হচ্ছে প্রতিদিন ১ টন চাল ও ১ টন আটা। সরকার নির্ধারিত খুচরা মূল্যে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং আটা ২৪ টাকায়। একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন।
ডিলারদের সঙ্গে আলাপকালে জানা যায়, ভোক্তাসংখ্যা যখন ৩০০ থেকে ৩৫০ জন ছাড়িয়ে যায়, তখন ডিলাররা গ্রাহকদের পরামর্শক্রমে ৩ কেজি করে চাল ও আটা বিতরণ করেন যাতে সবাই উপকৃত হতে পারেন।
পরিদর্শন শেষে ডিসি ফুড গণমাধ্যমকে জানান, খুলনা মহানগরী ২নং ওয়ার্ডে সুষ্ঠু ও সঠিকভাবে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহানগরীর অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে পরিদর্শন চলবে।