স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তাঁর সহকর্মী হিসেবে তাঁকে অনুসরণ করে দেশ গড়ার কাজে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছি।”
মঙ্গলবার মিরপুর-১৪ অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে অনুষ্ঠিত “Startup Science Project and Innovation Idea Showcasing Program”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীরা যদি পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে সরকারের “ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা” কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কর্মসূচিকে ধারাবাহিকভাবে ক্যাম্পেইনের মাধ্যমে নগরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের দায়িত্ব ও নাগরিক সেবাগুলো আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করা হবে।
অনুষ্ঠানে নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী ধারণা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও নাচের ভূয়সী প্রশংসা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, “চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। যেখানে আন্তরিক প্রচেষ্টা থাকবে, সেখানে সফলতা অবশ্যই আসবে।”
তিনি জানান, বাংলাদেশ নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিয়ে নাগরিকদের সচেতন করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
পুরস্কার বিতরণ শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ এবং নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বাংলাদেশ নেভি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।