আতিক ঃ রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার সর্বস্তরের নাগরিকরা হোটেল লা মেরিডিয়ানের সামনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটির দ্রুত সংস্কার অথবা বিকল্প হিসেবে নতুন একটি ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকালে “নাগরিক সমাজ” এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন আতিকুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ সলিমুল্লাহ, জাকির হোসেন, আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রতিনিয়ত হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হোটেল লা মেরিডিয়ানের সামনের এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে পার হতে হয়, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।
তারা আরও বলেন, ব্রিজটির নিচে প্রায়ই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে, আর ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে অসংখ্য যানবাহন। যে কোনো মুহূর্তে এই নড়বড়ে ওভার ব্রিজটি ধসে পড়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
তাই অবিলম্বে এই ফুটওভার ব্রিজটি সংস্কার করা বা বিকল্প হিসেবে নতুন একটি আধুনিক ও নিরাপদ ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।