বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রুটুপূর্ণ তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
অপরদিকে মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ শহরের বালু গ্রাম মধ্যপাড়া এলাকার পুরাতন রেললাইনে বসবাসকারী ঘরে ফ্যানের লাইনের সুইচ টিপতে গিয়ে ত্রুটিপূর্ণ তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন আবদুর রশিদের ছেলে রাজু মিয়া (১৭)। এসময় ছেলে রাজুকে বাঁচাতে গিয়ে মা লাকি বেগম (৩৫) ও রাজুর দাদি বুলি বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তবে আহত বুলি বেগমকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত বুলি বেগমের চিকিৎসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মা- ছেলের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে দুপুরে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা বেগম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জোনাইদ হাসান (১৫) মাদ্রাসার ভবনের ছাদে আটকে থাকা ফুটবল আনতে গিয়ে ছাদের ওপর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। নিহত জোনাইদ হাসান হাজরাবাড়ি পৌরসভা এলাকার সোলাইমান হোসেন কাজলের ছেলে।