সঞ্জু বনিক সৌরভঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল রানা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানার এসআই রতন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কালান্দীগঞ্জ এলাকার ‘গ্রিন টি ভ্যালি’র সামনে অভিযান চালায়। এ সময় রাসেল রানাকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল রানা উপজেলার ভজনপুর ডাকঘরের কাউরগছ গ্রামের মো. শফিরুল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক নির্মূলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।