তাছলিমা তমাঃ রাজধানীর বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০৩ পিস ইয়াবাসহ মো. হাসান ওমর আব্বাস (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাব জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে র্যাব-১, সিপিসি-১, উত্তরা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তিনি মো. হাসান ওমর আব্বাস (৩৭)। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বৈরাতী গুয়াগ্রাম প্রধানপাড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৮০৩ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা, মোবাইল ফোন এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।