রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় রাজউকের নিয়মবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা ৪ নম্বর সেক্টরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
অভিযান চলাকালে রাজউকের অনুমোদনের বাইরে নির্মিত বিভিন্ন অবৈধ অংশ ও স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, রাজউকের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজউকের কর্মকর্তা হাসানুজ্জামান। তিনি বলেন, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে সবাইকে আইন মেনে চলতে হবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদনবিহীনভাবে স্থাপনা নির্মাণ করবেন, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনার শৃঙ্খলা বজায় রাখতে রাজউক ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ দখল ও নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযানের ফলে এলাকায় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা রাজধানীতে নিরাপদ ও পরিকল্পিত নগর গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।