নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিস ও আদালতের সময় এক ঘণ্টা কমিয়ে এনেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার পরিবর্তে অফিস চলবে চারটা পর্যন্ত। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে সংসদ ভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে।
অফিসের সময়সূচি এক ঘণ্টা কমিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এছাড়া ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।
আর জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি কঠোরভাবে মনিটর করবে বাণিজ্য মন্ত্রণালয়।