জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর উদ্যোগে খুলনা জেলা প্রশাসন-এর জেলা প্রশাসকের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক কে এম নঈমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য আরও দ্রুত ও নির্ভুলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি প্রক্রিয়া সহজ ও কার্যকর করার আহ্বান জানান। জেলা প্রশাসকও সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত মতবিনিময় ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।