
তাছলিমা তমাঃ টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ডাকাতির বহুল আলোচিত ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, ৫ আগস্ট ২০২৪–পরবর্তী সময়ে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারীরা দেশব্যাপী বেপরোয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর আলোচিত এই ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে র্যাব-১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
ঘটনার দিন ১৩ ডিসেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের টঙ্গীতে মেসার্স ডে অ্যান্ড সন্সের দুই বিকাশ মানি কালেক্টর মোঃ আজাদ (৩১) ও আরিফুর রহমান (২৬) মোটরসাইকেলে বিভিন্ন ডিএসও থেকে বিকাশের টাকা সংগ্রহ করেন। তারা দুটি ব্যাগে মোট ১৪ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেন।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারের আনারকলি রোডে ৭-৮ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় আরিফুর রহমানকে পেটে গুলি করা হয় এবং মোঃ আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর ডাকাতরা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মোঃ মাইনুল ইসলাম (৩৪) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হলে র্যাব-১ অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি রাত থেকে ৩১ জানুয়ারি ভোর পর্যন্ত উত্তরা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্য—রাজিব হাসান লিটন (৩৮), মোঃ শহীদুল ইসলাম (৪৪) ও সঞ্জয় চন্দ্র শীল (৩৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।