তাছলিমা তমাঃ রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের দায়ে “ভাই ভাই ফুড এন্ড বেভারেজ” নামীয় প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-১।
জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার নিশ্চিতের লক্ষ্যে র্যাব দীর্ঘদিন ধরে খাদ্যদ্রব্যে ভেজাল ও লাইসেন্সবিহীন দ্রব্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদন ছাড়াই তরল পানীয় ও খাদ্যপণ্য উৎপাদন করে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। জনস্বাস্থ্য রক্ষায় র্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত র্যাব-১ এর তত্ত্বাবধানে ডিএমপি, ঢাকা’র তুরাগ থানাধীন ভাই ভাই ফুড এন্ড বেভারেজ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিএমপি, ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিএসটিআই পরিদর্শক ও র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের তরল পানীয়, বেভারেজ, এনার্জি ড্রিংকস ও ইউনানী ওষুধ জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫/২৭ ধারায় ভাই ভাই ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠান থেকে ২,৫০০ লিটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (ডাব), ৮০০ লিটার ফ্লেভার্ড ড্রিংকস, ফ্রুট ড্রিংকস ও কার্বনেটেড বেভারেজ, ৫০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৫০ লিটার সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের আদেশক্রমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, জরিমানার মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।