তাছলিমা তমাঃ গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় র্যাব-১ এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এন.এন প্যাকেজিং প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, র্যাব ফোর্সেস সদর দপ্তরের উপস্থিতিতে এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
অভিযানে ২০৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১১২০ কেজি দানা (পলিথিনের কাঁচামাল) জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।
এছাড়া, একই এলাকার মেসার্স মা এন্টারপ্রাইজ ও এ.এম এন্টারপ্রাইজ নামে আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
২০০২ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। র্যাব জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।