নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
ডিবি সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
তিনি জানান, উত্তরার আলোচিত ডাকাতির ঘটনাটি শুরু থেকেই গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ডিবি। এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর বাড়ৈসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ডাকাতির ঘটনায় ছিনতাই হওয়া কিছু টাকা এবং বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
ডিবি কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।