সঞ্জু বনিক সৌরভঃ তেঁতুলিয়া (পঞ্চগড়), ৪ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উপকরণও প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কাঁচা মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন, লেবু ও বিভিন্ন জাতের শাক-সবজির উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ মতিন। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার, জৈব সার, বালাইনাশক এবং বীজ সংরক্ষণের পাত্র বিতরণ করা হয়।
এদিকে তেঁতুলিয়া উপজেলার সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৭৩টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ উপকরণ দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৮টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৯০ কেজি জৈব সার এবং চারা সুরক্ষায় বাঁশের খুঁটি সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের ফলে মসলা ও শাক-সবজির উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবে উপকৃত হবেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়বে।
তারা কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।