তামান্না আক্তার হাসিঃ বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের বেসরকারি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত "Beyond with Boeing" অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্জি আফরোজা খান এমপি। এছাড়া প্রতিমন্ত্রী এম. রফিকুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট এম. পল রিচিসহ বিমান চলাচল খাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বহরে ১৫টি আধুনিক Boeing 737-8 এবং ৬টি Boeing 737-800 উড়োজাহাজ যুক্ত হবে। ২০২৭ সাল থেকে ধাপে ধাপে এসব উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে সংযুক্ত করা হবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে দেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারের বড় একটি অংশ বিদেশি এয়ারলাইন্সের দখলে রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ দেশে রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ইউএস-বাংলার লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইন্স পরিচালনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হিসেবে গড়ে ওঠা। বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুট বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, কার্গো, এমআরও (Maintenance, Repair & Overhaul), ফ্লাইট ক্যাটারিং এবং এভিয়েশন প্রশিক্ষণসহ সমন্বিত এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।