মোঃমনিরুজ্জামানঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।
শনিবার (১৩ মার্চ) দুপুরে খুলনা শহরের বিভিন্ন পার্ক, রেলস্টেশন ও পাড়া-মহল্লায় সংস্থার উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান সোহানা খান, সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, চিফ কো-অর্ডিনেটর আকতার হোসেন বাবলু এবং বাদশা উদ্দিন মিন্টু।সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মানবিক দৃষ্টিকোণ থেকে শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।খাদ্যসামগ্রী বিতরণকালে নির্বাহী পরিচালক শাহবাজ জামান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।
তিনি বলেন, ভালো একা থাকা যায় না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার-আমার সামান্য সহযোগিতাই হয়তো কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।তিনি আরও বলেন, লোক দেখানো নয়—মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা উচিত।
এসময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের চেয়ারম্যান আজিজুর রহমান এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।