নঈমুল আলমঃ চলতি আমন মৌসুমে খুলনা বিভাগে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে চাল সংগ্রহও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর খুলনা বিভাগে সরকারিভাবে মোট ১,০৭,৩২৮.১৬৮ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সরকারি বিধি অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত সময়ের(২৮ ফেব্রুয়ারি ২০২৬) মধ্যেই তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে প্রতি কেজি চাল ৫০ টাকা দরে চাল সংগ্রহ করা হয়।
খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতাধীন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া—এই ১০টি জেলায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে খুলনা অঞ্চলের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মামুনুর রশিদ বলেন, খুলনা বিভাগের সব জেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ শতভাগ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বিভাগীয় সকল জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নিবিড় তদারকি ও সমন্বয়ের কারণে পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।